ফুটসালে বাংলাদেশের নতুন জন্ম হবে

ডেস্ক রিপোর্ট :
শব্দটা শুনলে ফুটবল ফুটবল মনে হয়। শুনতে যদি ভুল হয় তাহলে মনে হবে ফুটবল-ই বলেছেন। কিন্তু ফুটসাল হচ্ছে অনেকটা ফুটবলের মতোই অন্য একটি খেলা। কিন্তু এর সঙ্গে নিয়ম-কানুন, সবই আলাদা। আন্তর্জাতিক ফুটসাল আগেও খেলেছে বাংলাদেশ। ঘরোয়া টুর্নামেন্ট হয়েছিল। কিন্তু কোনো বারই ফুটসাল নিয়ে আগায়নি বাংলাদেশ।

এখন ফিফায় ফুটসাল নিয়ে ব্যাপক কার্যক্রম হচ্ছে। এর জন্য বাজেটও থাকে। কিন্তু বাফুফে সেই বাজেট আদায় করতে পারেনি বলে নতুন কমিটি সেগুলো কাজে লাগাতে উদ্যোগ নিয়েছে। তাই বাংলাদেশে ফুটসাল শুরু করতে মরিয়া বাফুফে। নতুন কোচ আনা হয়েছে ইরান হতে। পরশু ঢাকায় এসেছেন ইরানি কোচ সাঈদ খোদারাহমি। আর গতকাল তাকে নিয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন স্বয়ং বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। সঙ্গে ছিলেন ফুটসাল কমিটির চেয়ারম্যান এমরানুর রহমান, বাফুফের সদস্য সাখাওয়াত হোসেন ভুইয়া শাহীন।

কোচ সাঈদ খোদারাহমি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার আগে তিনি নিজেই বেশকিছু প্রশ্ন তুললেন। বললেন, ‘বাংলাদেশে ফুটসাল খেলার জন্য কতগুলো স্টেডিয়াম রয়েছে? কতজন রেফারি আছেন? কতজন কোচ রয়েছেন। কতজন প্লেয়ার রয়েছেন।’

এ সব নানা প্রশ্ন করেন। তিনি নিজেই বলেছেন, ‘কিছুই নাই। আর ইরান ১৩ বার এশিয়ান চ্যাম্পিয়ন দল। ইরানের কাছে বাংলাদেশ নতুন জন্ম নেওয়া শিশু। নবজাতক শিশু। আর ইরান ৩৫ বছর আগে ফুটসাল শুরু করেছে। এখন ইরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাহলে বুঝতে হবে বাংলাদেশ কোথায় রয়েছে। ফুটসাল খেলাটা উন্নতি করতে হলে এটা শুধু ঢাকায় খেললে হবে না, পুরো বাংলাদেশে খেলাটা হতে হবে। লিগ হবে, বিভিন্ন বয়সের খেলোয়াড়দের নিয়ে খেলা হতে হবে। তবেই একটা সময় গিয়ে প্রতিষ্ঠিত হবে। আমি চুক্তি শেষে চলে যাব। কিন্তু খেলাটার জন্য তোমাদের সবাইকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। সহযোগিতা করতে হবে। এ কারণে আমি মনে করি ফুটসাল প্রথম বার বাংলাদেশে জন্ম নিল।’

বাংলাদেশ আগামী সেপ্টেম্বরে মালয়েশিয়ায় এশিয়ান ফুটসালের বাছাই খেলবে। সেখানে যাওয়ার জন্য খেলোয়াড় বাছাই করা হয়েছে। ১৪ জন নিয়ে মালয়েশিয়া যাবে বাংলাদেশ। তিন মাসের জন্য চুক্তি করা কোচ সাঈদ খোদারাহমি জানিয়েছেন, সাফে ফুটসাল নিয়ে সেরা দেশে পরিণত হবে বাংলাদেশ। তিনি বলেছেন, ‘আমি বাংলাদেশে প্রথমবার আসলাম। এখানকার আবহাওয়া এমন যে, সারা বছর ফুটসাল খেলা যাবে। ঘরে ঘরে ফুটসাল খেলোয়াড় তৈরি হবে।’

১৩০টা দেশ রয়েছে ফুটসাল র‍্যাংকিংয়ে। বাংলাদেশ কোথাও নেই। বাফুফের সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, ফুটসাল দিয়ে বাংলাদেশের নতুন একটা যাত্রা শুরু হবে। আমরা তিন মাসের চুক্তি কোনো ব্যাপার নয়। আমরা লম্বা সময়ের জন্য শুরু করবো। শুরুতেই হোঁচট খাব জানি। তাই বলে বসে থাকতে চাই না আমি।