মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

মীরসরাই প্রতিনিধি :
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মো. সালাহ উদ্দিন (৩৬) নামে যুবদলের এক নেতা নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বরে এ দুর্ঘটনা ঘটেছেন। নিহত সালাহ উদ্দিন উপজেলার সাহেরখালী ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়কের দায়িত্বে রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মীরসরাই পৌর সদরে যাচ্ছিলেন সালাহ উদ্দিন। জাতীয় বিশেষ অথনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বরে যাওয়ার পর সেভেন রিং সিমেন্টের তেলবাহী গাড়িকে ওভারট্রেক করার সময় বিপরীত দিক থেকে আসা চিটাগং অনলাইন লিমিটেডের ইন্টারনেট সংযোগের ডাবল কেবিন পিকআপের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মীরসরাই থানা পুলিশ। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল, তেলবাহিগাড়ি ও পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে।

সাহেরখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সালাহ উদ্দিন আরিফ বলেন, দুর্ঘটায় নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়কের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে মীরসরাই জাতীয়তাবাদী পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ইকনোমিক জোন সড়কে দুর্ঘটনায় সালাহ উদ্দিন নামে একজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। গাড়িগুলো পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।