দুর্গাপুরে কৃষক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মীরসরাই প্রতিনিধি:
মীরসরাইয়ে কৃষক ছদ্দিকুর রহমান হত্যা মামলার প্রধান আসামী মো. সাইদুল ইসলাম প্রকাশ আবু সায়েদকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সীতাকুন্ড এলাকায় র‌্যাব-৭ এর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ। সাইদুল ইসলাম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের পূর্ব দুর্গাপুর এলাকার সোনা মিয়া বাড়ীর ছালামত উল্লাহর ছেলে।
জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ছদ্দিকুর রহমান কৃষি কাজের পাশাপাশি সেচ মেশিন ভাড়া দেওয়ার কাজ করতেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পুলিশ ফসলি জমি থেকে গামছা দিয়ে পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক সুরতহাল রিপোর্টে তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিলো। এর আগে মঙ্গলবার ইফতারের পর থেকে ছদ্দিকুর রহমান নিখোঁজ ছিলেন। স্ত্রী-সন্তান না থাকায় বিষয়টি গুরুত্বসহকারে খোঁজা হয়নি। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় তাঁকে হত্যার পর লাশ ওই জমিতে ফেলে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মো. সাইদুল ইসলাম প্রকাশ আবু সায়েদকে প্রধান আসামী করে একটি (মামলা নং-১৫) দায়ের করেছেন। মামলার পর অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে পাশ্ববর্তী সীতাকুন্ড উপজেলার পশ্চিম মহাদেবপুর এলাকা থেকে প্রধান আসামী সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, কৃষক ছদ্দিকুর রহমান হত্যা মামলার প্রধান আসামী মো. সাইদুল ইসলাম প্রকাশ আবু সায়েদকে (৩০) র‌্যাব-৭ এর সহযোগিতায় সীতাকুন্ড উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইদুল জায়গা-জমি সংক্রান্ত ও পূর্ব শত্রুতার জেরে হত্যা করেছে বলে স্বীকার করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।