ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সবাইকেঐকব্যদ্ধভাবে কাজ করতে হবে-নুরুল আমিন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক :
ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। বুধবার (৫ নভেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদর ও বারইয়ারহাট ট্রাফিক চত্ত¦রে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এদিকে মীরসরাই পৌরসদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর পথসভার আয়োজন করায় চট্টগ্রামমুখী লেইনে যানবাহন চলাচল করেছে অনেকটা ধীরগতিতে। পথসভা চলাকালে যানবাহন চলাচল বন্ধ থাকায় এতে করে মহাসড়কে যানজট সৃষ্টি হয়।

বিএনপি নেতা নুরুল আমিন চেয়ারম্যান বলেন, ‘ধানের শীষ কোন ব্যক্তির একক প্রতীক নয়। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিলেন তাদের অনেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন চেয়েছিলেন। দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি চাই আজ থেকে কোন গ্রুপ, উপ-গ্রুপ না করে সবাই ধানের শীষ প্রতীকের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবো। ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য সবাইকে এখন থেকে কাজ করতে হবে। জাতীয়তাবাদী দলের কোন কর্মীর মাঝে যেন গ্রুপিং না থাকে। আজ থেকে আমি চেয়ারম্যান গ্রুপ বিলুপ্ত ঘোষণা করলাম। অতীতে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে গিয়ে আমার কথায়, কাজে কোন নেতাকর্মী যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমি সেজন্য ক্ষমা চাচ্ছি। আজ থেকে সকল গ্রুপিং মিটিয়ে, মতভেদ শেষ করে আমাদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে মীরসরাই আসন বিএনপি তথা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিবো। আল্লাহর দরবারে শুকরিয়া আমাকে আবার নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আল্লাহর দরবারে ফরিয়াদ করি দুনিয়া ও আখিরাতের কল্যাণে যেন এই নির্বাচনে বিজয় লাভ করি। আমি জনগণের কাছে, নেতাকর্মীদের কাছে এই দোয়া চাই।’

সংসদ নির্বাচনে মাঠে থাকা অন্যান্য দলের প্রার্থীর বিষয়ে তিনি বলেন, ‘সংসদ নির্বাচনে বর্তমানে যারা অন্যান্য দল থেকে প্রার্থী হয়েছেন তারাও বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার কর্তৃক নির্যাতিত। তারাও মামলা হামলার শিকার হয়েছেন। জেল যুলুম খেটেছেন। তাদেরও অনেক নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন। সুতরাং তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ নয়। তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম, চায়ের দোকান কিংবা অন্যকোথাও কুটুক্তি না ছড়িয়ে এক সাথে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভোটারের মন জয় করে ভালো ব্যবহার দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য কাজ করতে হবে। জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের ভালো ব্যবহারের মাধ্যমে ভোটাররা ধানের শীষে ভোট দিবেন বলে আমি বিশ্বাস করি।’

সন্ত্রাস, মাদক, চাঁদাবাজী বিষয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন বলেন, ‘মীরসরাইতে কোন সন্ত্রাস, চাঁদাবাজী, মাদক বাণিজ্য চলবেনা। কেউ যদি দলের কিংবা আমার নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী কার্যক্রম করে, মাদক সেবন, মাদক ব্যবসা করে কিংবা চাঁদাবাজী করে তাহলে দল থেকে তাদের কোন আশ্রয় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়। অন্য কোন দলের নেতাকর্মীও যদি অন্যায় অপরাধ কার্যক্রমে সম্পৃক্ত থাকে আপনাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘৭১ এর পরাজিত শক্তি ও ২৪ এর পরাজিত শক্তিরা এক হয়ে নির্বাচনকে বানচাল করার জন্য কাজ করতেছে। আপনার মাঠে সজাগ থাকবেন। যাতে কোন ষড়যন্ত্রকারী নির্বাচন বানচাল করতে না পারে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ফ্যাসিস্টবিরোধী সকল শক্তি একত্র হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।’

বুধবার বিকাল ৩ টায় মীরসরাই পৌরসদরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীরের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরোয়ার উদ্দিন সেলিম, ক্রীড়া সংগঠক লায়ন আবু তাহের সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল নেতৃবৃন্দ। একইদিন বিকাল ৪ টায় বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। এছাড়া বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।