১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রজন্ম মীরসরাই মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক :
প্রজন্ম মীরসরাইয়ের আয়োজনে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় তিনটি বিভাগে প্রায় ৫,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। মূল্যায়ন শেষে সর্বমোট ১৫০ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়।
কম্পিউটার বিজয়ী হয়েছেন, ক বিভাগে- মীরসরাই এস.এম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী শেখ তাসনিমুল আহম্মদ, খ বিভাগে মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী সেঁজুতি নাহা, গ বিভাগে ফারুকীয়া মদিনাতুল উলুম দাখিল মাদরাসার ৭ম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া আক্তার নিজুম।এছাড়া ট্যালেন্টপুলে ২৯ জন ও সাধারণ গ্রেডে ১১৮ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছেন।

প্রজন্ম মীরসরাইয়ের ভারপ্রাপ্ত সভাপতি ও বৃত্তি পরীক্ষার আহ্বায়ক মোঃ রহিম উদ্দিন বলেন, ‘প্রজন্ম মীরসরাই মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আজ আমরা এর ফলাফল প্রকাশ করতে পেরে আনন্দিত। বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ আমাদের প্রতি মানুষের আস্থা ও সমর্থনের প্রতিফলন। আমরা সম্পূর্ণ স্বচ্ছতা ও ন্যায়সংগত মূল্যায়নের মাধ্যমে প্রকৃত মেধাবীদের নির্বাচন করেছি। প্রজন্ম মীরসরাই শিক্ষা, প্রতিযোগিতা ও মেধার বিকাশে সবসময়ই কার্যকর ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়সূচি যথাসময়ে জানানো হবে বলেও জানান তিনি।’
প্রসঙ্গত গত ৮ নভেম্বর মীরসরাই উপজেলার মোট চারটি কেন্দ্রে সকাল ও বিকাল দুই শিফটে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।




