মীরসরাইয়ে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখার ওলামা বিভাগের উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে স্থানীয় মিঠাছরা সাসা ক্লাবে আয়োজিত সম্মেলন সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রেজাউল হক নিজামীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মজলিসুল মোফাসসেরিন বাংলাদেশের সহ-সভাপতি ও চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. সাইয়্যেদ মাওলানা আবু নোমান।

প্রধান অতিথির বক্তব্যকালে তিনি বলেন, ‘দুইটি দল দেখা হয়ে গেছে তারা মূদ্রার এপিট আর ওপিট। তারা এ দেশের মানুষকে কাউকে কিছু দিতে পারেনি, সন্ত্রাস, লুটপাট, ব্যাংক ডাকাতি ছাড়া। তিনি যে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করেছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ফাঁসির আদেশ দিয়েছে। আজ সময়ের দাবী আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মিরসরাইয়ের ময়দান আলেম ওলামাদের পদচারণায় মুখরিত। আমরা আশা করতে পারি আগামীতে ওলামাদের ঐক্যের মাধ্যমে ইসলামের বিজয় নিশ্চিত করতে হবে। ডাকসু, চাকসু, রাকসু, জাকসুর মতো আলেমওলামাদের নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ভ‍‍‍ূমিধস বিজয় হবে।’

প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম ১ (মীরসরাই) আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান। তিনি বলেন, দ্বীন প্রতিষ্ঠায় ওলামাদের ঐক্যের কোন বিকল্প নেই। ভোট একটি আমানত। একজন ভোটার যদি খারাপ কোন প্রার্থীকে ভোট দেন; তাহলে তিনি যতো অপরাধ করবেন তার দায়ভার ঐ ভোটারের ওপরে ও বর্তাবে। তাই ভোট বুঝে-শুনে যোগ্য প্রার্থীকে দিতে হবে। আলেম-ওলামারা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। কুরআন-হাদীসের আলোকে জনগণকে বুঝাতে হবে; ন্যায়-ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার জন্য একটি ভোট খুব গুরুত্বপূর্ণ।’

তিনি আরো বলেন, ‌’সারা দেশের বিভিন্ন মসজিদে যে সকল ইমাম, মুয়াজ্জিন খেদমতে কাজ করছেন সবার নাম দিয়ে একটি ডাটাবেইজ করার জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টাকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছে। ইসলামী ফাউন্ডেশানের মাধ্যমে সরকারী ভাবে তাঁদের ভাতা দেওয়ার জন্য এবং নিয়োগ-চাকুরী থেকে অব্যাহতি প্রদানের ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন করার জন্য প্রস্তাবনায় বলা হয়েছে। সেটি যদি কার্যকর হয় তাহলে যখন তখন কেউ ইচ্ছে করলে ইমাম-মুয়াজ্জিনদের চাকুরী থেকে বরখাস্থ করতে পারবেন না। চাকুরী শেষে তাঁদের অবসরকালীন কিংবা এককালীন ভাতা দিতে হবে।’

এতে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি অধ্যাপক মাওলানা বোরহান উদ্দিন, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ নুর নবী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইউসুফ বিন আবু বকর, আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী, বাংলাদেশ খেলাফত মজলিস মিরসরাই উপজেলার সেক্রেটারি মফিজুল হক ছিদ্দিকী, মাওলানা আব্দুর রহমান, মিরসরাই উপজেলা জামায়াতের আমীর নুরুল কবির, জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর নুরুল হুদা হামিদী, জোরারগঞ্জ থানা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোকতার আহমদ, মিঠাছরা ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আব্দুল বাকী, মাওলানা আবুল বশর, মাওলানা কেফায়েত উল্ল্যাহ, মাওলানা এমদাদুল হক প্রমুখ।