ফুটবল উৎসবে নুরুল আমিন এমপি ‘যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই’

মীরসরাই প্রতিনিধি :
চট্টগ্রাম-১ মীরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেন, ‘যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মীরসরাইয়ের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে আমরা সবসময় কাজ করে যাবো। খেলাধুলার মাধ্যমে তরুণদের মেধা ও নেতৃত্ব বিকশিত হয়, তাই এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।’

তিনি শুক্রবার (১৫ মে) মীরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত ফুটবল উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মীরসরাইয়ের ক্রীড়াঙ্গনকে জাগ্রত রাখতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তরুণদের সুস্থ বিনোদন ও সুন্দর ভবিষ্যৎ গঠনে খেলাধুলা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।

এর আগে ফাইনাল খেলায় টিম এমবিএইচ স্পোর্টিং ১-০ গোলে মীরসরাই জেনারেল হাসপাতালকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলাকে ঘিরে পুরো মীরসরাইজুড়ে বিরাজ করেছিল উৎসবমুখর পরিবেশ। দর্শকদের ব্যাপক উপস্থিতি ও খেলোয়াড়দের দারুণ নৈপুণ্যে জমে ওঠে পুরো আয়োজন।

ফাইনাল খেলা শেষে ফুটবল উৎসবের আহ্বায়ক মহিউদ্দিন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, মীরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন এবং আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শাহাদাত হোসেন সাজু। এছাড়াও উপস্থিত ছিলেন মায়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুসা মিয়া, মায়ানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর হোসেন, উপজেলা জাসাসের সভাপতি মেশকাত উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, মীরসরাই থানা যুবদলের সমন্বয়ক এস.এম সুমন, হারুন অর রশিদ সহ মীরসরাইয়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সমাজসেবক, ক্রীড়াবিদবৃন্দ।

ফুটবল উৎসব পরিচালনা পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় রেফারি মো. আবু নছর এবং মো. ইলিয়াস হোসেন জানান, এ আয়োজন সফল করা মোটেও সহজ ছিল না। দীর্ঘদিনের অভিজ্ঞতা, পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ৩য় বারের মতো সফলভাবে এ আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়েছে।

চ্যাম্পিয়ন দলের মালিক মোফাজ্জল হোসেন রাজিব বলেন, আমাদের খেলোয়াড়দের আত্মবিশ্বাস, আন্তরিকতা ও জয়ের ইচ্ছাশক্তির কারণেই আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। অতীতে মীরসরাইয়ে এত সুন্দর ও সুসংগঠিত আয়োজন খুব কমই হয়েছে। এ ধারাবাহিকতা বজায় থাকলে মীরসরাইয়ের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত সৃষ্টি হবে।