বিএনপি নেতা আউয়াল চৌধুরীর উদ্যোগে ৩১ দফার লিফলেট বিতরণ ও পূজা মন্ডপ পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক :
কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফা সাধারণ জনগণকে অবহিতকরণের লক্ষ্যে মীরসরাইয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল আউয়াল চৌধুরী নেতা-কর্মীদের সাথে নিয়ে হাইতকান্দি ইউনিয়নের দমদমা, কমরআলী, ওয়াহেদপুর ইউনিয়নের পদুয়া ও খৈইয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়ায় এ কর্মসূচি পালন করনে। এছাড়া সনাতন ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্ডপ নেতৃবৃন্দের সাথে তিনি মতবিনিময় করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক ফজলু, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক নুরেচ্ছাপা ডিপটি, ওয়াহেদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা জাসাসের প্রচার সম্পাদক মোল্লা আফলাতুন চৌধুরী, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সদস্য খানসাব, মোহাম্মদ লিটন, ওয়াহেদপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সালাহ উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা নাজিম উদ্দিন সহ বিএনপি, ছাত্রদল, যুবদল নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী বলেন, বর্তমান অন্তবর্তী সরকার বিভিন্ন সেক্টরে সংস্কার করার জন্য যে উদ্যোগ নিয়েছে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফার মধ্যে বলেছেন। এটি এখন সর্বজন স্বীকৃত। ৩১ দফার লিফলেট সবার কাছে পৌঁছে দিতে আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছি। ধারাবাহিকভাবে উপজেলাব্যাপী লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া নিশ্চিন্তে, নির্ভয়ে ও উৎসাহ উদ্দীপনার সাথে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পূজা মন্ডপ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছি।

সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, আমি ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে। কখনো দলের আদর্শের বাইরে গিয়ে রাজনৈতিক কর্মকান্ড করিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে সৎ, পরিচ্ছন্ন ও নিবেদিত প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া চলছে। আমি দলের কাছে নমিনেশন চাইবো। এক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত মেনে নেবো।