১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
মীরসরাই পরিক্রমার মোড়ক উন্মোচন ও ওয়েবসাইট উদ্বোধন আজ

নিজস্ব প্রতিনিধি :
সদ্য নিবন্ধিত মীরসরাই পরিক্রমা পত্রিকার মোড়ক উন্মোচন ও ওয়েবসাইট উদ্বোধন আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। মীরসরাই উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সুধী সমাবেশে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠক উপস্থিত থাকার কথা রয়েছে।
পত্রিকার সম্পাদক মোহাম্মদ ইউসুফ জানান, মীরসরাই উপজেলা ভৌগলিকভাবে চট্টগ্রাম তথা বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি উপজেলা। পূর্বে পাহাড় পশ্চিমে সমুদ্র। আর মাঝখান দিয়ে বয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ। এক সময়ের অনুর্বর আর সমুদ্র ঘেঁষা চরের মধ্যে স্থাপিত হচ্ছে এশিয়ার মধ্যে অন্যতম দেশের সর্ববৃহৎ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। প্রাকৃতিক ঝরনা যেমন পর্যটকদের আকর্ষণ করছে তেমন অর্থনৈতিক অঞ্চলও বিনিয়োগকারী তথা শিল্প উদ্যোক্তাদের হাতছানি দিয়ে ডাকছে। মীরসরাই উপজেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ভাবনা নিয়ে মীরসরাই পরিক্রমা কাজ করে যাবে।




