কৃষকদলের সম্মেলন অনুষ্ঠিত

মীরসরাই প্রতিনিধি :
মীরসরাইয়ে কৃষকদলের সম্মেলনে কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, ‘দেশে ৭২-২৫ সাল পর্যন্ত সরকার সাধারণ মানুষ নানারকম স্বপ্ন দেখিয়েছে, তা তারা পূরণ করতে পারেনি। ৭৫ এ দুর্ভিক্ষ হয়েছে। তখন ঢাকার রাস্তায় মানুষ, পশুপাখি উচ্ছিষ্ঠ খাওয়ার জন্য পশুপাখির সাথে যুদ্ধ করেছে। সে দুর্ভিক্ষ থেকে বাংলাদেশেকে স্বয়ংসম্পূর্ণ করেছে এবং পৃথিবীতে খাদ্য রপ্তানিতে শীর্ষ স্থানে দেশকে নিয়ে গেছে। জিয়াউর রহমানের হাতে সত্যিই জাদু আছে।’

মীরসরাই উপজেলা কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (১৩ জুন) সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্যদিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। পরে বেলা ১টা থেকে মূল পর্বে কৃষকদলের সভাপতি ও সম্পাদক পদে ভোটগ্রহণ কার্যক্রম শুরু করা হয়।

সম্মেলনে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। ৯১০ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৭৮৬ জন ভোটার। সভাপতি পদে আশরাফ উদ্দিন (ছাতা প্রতীক) পান ৪৭২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধী তৌহিদ উদ দ্দোজা (কাঁঠাল প্রতীক) পান ৩০১ ভোট। বাতিল হয় ১১টি ভোট। সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম ফারুক (চেয়ার প্রতীক) পান ৪৮৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধী আবু দাউদ (আনারস প্রতীক) পান ২৮৬ ভোট। বাতিল হয় ১৭টি ভোট। সম্মেলনে মো. আশরাফ উদ্দিন সভাপতি ও সাইফুল ইসলাম ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন আরো বলেন, তৎকালীন শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। তখন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সুসন্তান তারেক রহমান লন্ডনে বসে একেবারে সকাল থেকে রাত পর্যন্ত, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা বাংলাদেশের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের জন্য কাজ করেছেন। এ দুর্যোগের মধ্যেও বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন।

উপজেলা কৃষকদলের আয়োজিত এই সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদরুল আলম বদরুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী। সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, প্রচার সম্পাদক সামসুর রহমান সামস, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, উত্তর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরওয়ার উদ্দিন সেলিম বলেন, ‘শুধু মীরসরাই নয়, বাংলাদেশের কৃষকদলের ইতিহাসে এমন সুন্দর, স্বচ্ছ কাউন্সিল এই প্রথম। আমরা সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করেছি। এটি কৃষকদলের জন্য একটি স্মরণীয় সম্মেলন হয়েছে।