সংবাদ যেন এক পেশে না হয় কেউ অন্যায় করলে নির্ভয়ে প্রকাশ করুন-বিএনপি প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বলেছেন, ‌‌বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, আমরা দল-মত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই। ঠিক যেভাবে আজ থেকে দুই দশক আগে, বিএনপি সরকারের সময়, বাংলাদেশে মিডিয়া নির্ভয়ে সরকারের সমালোচনা করতে পারতো। বিগত সরকারের আমলে তাদের একটা বিষয় একটা বড় সমালোচনা ছিল যে, মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ। আগামীতে বিএনপি ক্ষমতা গেলে সংবাদ পত্রের স্বাধীনতা নিশ্চিত করা হবে । বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকালে মীরসরাই প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন।

এসময় নুরুল আমিন চেয়ারম্যান আরো বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। আয়নায় যেমন নিজেকে দেখা যায়; তেমনি ভাবে সাংবাদিকেদের লেখনির মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র ফুটে উঠে। সংবাদ প্রকাশ করার ক্ষেত্রে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, সত্যবাদিতা ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আমি কিংবা আমার দলের কেউ অন্যায় করলে নির্ভয়ে তা প্রকাশ করুন। কোন বাধা কিংবা চাপ প্রয়োগ করবোনা। তবে সংবাদ যেন কখনো এক পেশে না হয়। যারা অন্যায়, চাঁদাবাজি, সন্ত্রাসের সাথে জড়িত তার নাম উল্লেখ করে সংবাদ প্রকাশ করুন। অপরাধীর পরিচয় সে অপরাধী। অপরাধীর রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দিয়ে প্রকাশ করলে আইনশৃঙ্খলাবাহিনী অনেক সময় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চিন্তা করে। বিএনপি দেশের বৃহৎ একটি রাজনৈতিক দল। এখানে দেশ প্রেমিক, স্বাধীণতার পক্ষের আর ভালো লোক যেমন আছে তেমনি গুটি কয়েক খারাপ লোকও থাকতে পারে। সেজন্য ব্যক্তির অপরাধের দায়ে দলের নামে চরিত্রহনন করা যাবে না। যে কর্মী সাংগঠনিক নিয়মের বাইরে কাজ করে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে । তাই অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করতে হবে। বতর্মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফেইসবুক আইডি খুলে আমার নামে কুৎসা রটানো হচ্ছে। যার যাথে আমি জড়িত নই। সাংবাদিকদের উচিত সত্য তথ্য তুলে ধরা। ‘

মতবিনিময় সভায় মীরসরাই প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নুরুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠান বক্তব্য রাখেন নজরুল গবেষক, শিক্ষাবিদ ড. মুহাম্মদ কামাল উদ্দিন।
এসময় মীরসরাই প্রেস ক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, যুগ্ম সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক নুরুল আজহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদমান রহমান সময়, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন জীবন, দপ্তর সম্পাদক সাফায়েত মেহেদী, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন জীবন, সদস্য আশরাফ উদ্দিন, শিহাব উদ্দিন শিবলু, মীরসরাই পৌরসভা বিএনপি সাবেক আহবায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।