খাদ্য গুদামের বস্তায় চাল বিক্রি করায় জরিমানা

মীরসরাই প্রতিনিধি :
মীরসরাইয়ে সরকারি খাদ্য গুদামের বস্তায় চাল বিক্রির অভিযোগে একটি রাইস মিলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার মীরসরাই বিসিক শিল্পনগরে এম এস ইয়াকুব অটো রাইস এন্ড ফ্লাউয়ার মিলসে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।

জানা গেছে, এম এস ইয়াকুব অটো রাইস এন্ড ফ্লাউয়ার মিলস সরকারি খাদ্য গুদাম সহ বিভিন্ন কোম্পানীর নামের সীলযুক্ত বস্তায় চাল ভরে বাজারে বিক্রি করে আসছিলো দীর্ঘদিন ধরে। গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হলে যার সত্যতা মিলে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩ তফসিলভুক্ত ধারা- ৫,৬ অনুসারে পুরাতন বা মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য পলিশিং বা অন্য কোনো খাদ্যদ্রব্যের সহিত মিশ্রণ করিয়া বিক্রয় করায় এবং কোনো ব্যক্তি খাদ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত বিতরণকৃত সিল বা বিতরণ করা হইয়াছে এইরূপ চিহ্নযুক্ত সিল ব্যতীত সরকারি গুদামের খাদ্যদ্রব্য ভর্তি বস্তা বা ব্যাগ বিতরণ ক্রয় বা বিক্রয় করায় এম এস ইয়াকুব অটো রাইস এন্ড ফ্লাউয়ার মিলস এর ম্যানেজার মোহাম্মদ শাহ জাহান কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।