১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
নিজামপুরে স্ক্যাপ বোঝাই লরির চাপায় বৃদ্ধ নিহত

মীরসরাই প্রতিনিধি:
মীরসরাইয়ে বিএসআরএমের স্ক্যাপ বোঝাই লরির চাপায় নুরুল আলম (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নুরুল আলম উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত আলী আহমদ মিস্ত্রির ছেলে।
কুমিরা হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত ওই বৃদ্ধ রাস্তা পারাপারের সময় ঢাকামুখী লেইনে বিএসআরএমের স্ক্যাপ বোঝাই একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই নুরুল মোস্তফা বলেন, শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনি সীতাকুন্ড উপজেলার গফুর মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে নিজামপুর যান। সেখান থেকে সড়ক পার হওয়ার সময় দ্রæতগতির একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নুরুল আলম পরহেজগার মানুষ ছিলেন। পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করতেন।
কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) জাকির রব্বানী বলেন, আমরা যাওয়ার আগে স্বজনরা সড়ক দুর্ঘটনায় নিহত নুরুল আলমের মরদেহ নিয়ে যায়। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, কিছুটা মানসিক সমস্যা ছিলো। লরিটি আমাদের হেফাজতে রয়েছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




