১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
মঘাদিয়ায় মাদকসেবীদের কান ধরিয়ে উঠবস

নিজস্ব প্রতিবেদক :
মীরসরাইয়ে মাদকসেবীদের কান ধরিয়ে উঠবস করিয়েছে বিএনপি নেতাকর্মীরা। শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড শরীয়তপাড়া গ্রামের তিনজন মাদকসেবীকে সতর্ক করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।
জানা গেছে, মীরসরাই আসনে নব নির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এমপি মাদক, সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত মীরসরাই উপজেলা গঠনের ঘোষণা দেন। মাদক ব্যবসায়ী, মাদকসেবীদের আইনশৃঙ্খলাবাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের নির্দেশনা দেন। সে প্রেক্ষিতে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী কার্যক্রম জোরালো করেন বিএনপি নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর বলেন, মাননীয় এমপি নুরুল আমিনের নির্দেশনা অনুযায়ী মঘাদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মাদক বিরোধী কার্যক্রম শুরু করা হয়েছে। আজ ৯নং ওয়ার্ডের শরীয়তপাড়া এলাকায় ফরিদ উদ্দিন, ফারুক হোসেন, দেলোয়ার হোসেন নামে তিন মাদক ব্যবসায়ীকে কানধরে উঠবস করানোর পাশাপাশি বেত্রাঘাত করে সতর্ক করা হয়েছে। আগামীতে যদি তারা মাদক সেবন, বিক্রি বন্ধ না করে তাহলে তাদের আইনশৃঙ্খলাবাহিনীর হাতে সোপর্দ করা হবে। মাদকবিরোধী কার্যকর্ম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মাদকবিরোধী অভিযানে মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আলাউদ্দিন সহ বিএনপি, যুবদল, ছাত্রদেলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




