১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেফতার দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম সহ ৩ জনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকার মঈন উদ্দিন পেট্রোল পাম্পের পেছনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় ডাকাতির পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণকালে ডাকাত দলের আসামী উপজেলার বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের মৃত মিন্টু মিয়ার ছেলে ইকবাল হোসেন প্রঃ হাসান (৩৫), জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের শরীফুল ইসলাম সম্রাট প্রকাশ মো: সম্রাট (২৫) ও করেরহাট ইউনিয়নের সামনের খিল গ্রামের মৃত হারুনের ছেলে মো: রিফাত (২৫) কে গ্রেফতার করা হয়। তাদের সাথে থাকা অজ্ঞাতনামা আরো ৮/১০ ডাকাত অন্ধকারে দৌঁড়ে পালিয়ে যায়।
ডাকাত দলটির কাছ থেকে ডাকাতির সরঞ্জাম ২ টি স্টীলের তৈরি চাপাতি, ১টি কাঠের বাটযুক্ত ছোরা এক পাশ ধারালো ও অগ্রভাগ সুচালো, ১টি প্লাস্টিকের বাটযুক্ত লাল স্কসটেপ দ্বারা মোড়ানো চাইনিজ কুড়াল, ১টি এসএস পাইপ হাতল যুক্ত চাইনিজ কুড়াল, ২টি একই পরিমাপের কাঠের বাটযুক্ত ছোরা, ১টি কাঠের বাট যুক্ত লোহার তৈরী রামদা, ১টি এসএস পাইপ, ১টি লোহার তৈরী সাবল, ১টি লোহার তৈরী কুড়া বারি, ১টি লোহার তৈরী কাটার উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাত্রীকালীন সিরা ডিউটি করাকালে এসআই হান্নান আল মামুন গোপন সংবাদের ভিত্তিতে উত্তর সোনাপাহাড়স্থ মঈন উদ্দিন পেট্রোল পাম্পের পিছনে অভিযান পরিচালনা করেন। এসময় ডাকাতির পূর্ব প্রস্তুতিকালে ডাকাতির সরঞ্জাম সহ ৩জনকে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত মো: ইকবাল হোসেন প্রকাশ হাসান ১৮ টি মামলার আসামী এবং তার বিরুদ্ধে ২টি গ্রেফতারী পরোয়ানা ও আসামী শরীফুল ইসলাম সম্রাট প্রকাশ মো: সম্রাট ৬ টি মামলার আসামী এবং এর বিরুদ্ধে ০৩টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এসময় কয়েকজন পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা পলাতক আসামিদের তথ্য প্রকাশ করেন। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতির অপরাধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।




