১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
মীরসরাই ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মীরসরাই প্রতিনিধি :
প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও রমজান উপলক্ষে ঢাকাস্থ মীরসরাইবাসীদের সংগঠন মীরসরাই ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ ) বিকাল ৫টায় রাজধানীর গ্রান্ড তাজ হোটেল মিলনায়তনে মীরসরাই ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফোরামের এসিস্ট্যান্ট সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী মো: শাহাদাত হোসাইনের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মো: মহিউদ্দিন। এছাড়া অতিথি হিসেবে ইফতার পূর্ব আলোচনায় অংশ নেন ফোরামের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মো: গিয়াস উদ্দিন বাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মীরসরাই দরবার শরীফের পীর মাওলানা আব্দুল মোমেন নাসেরী, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মেশকাত হোসেন, ফোরামের সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মো: ছাইফুর রহমান, ফোরামের সাংগঠনিক সম্পাদক, শিক্ষক ও সংগঠক মু. নূরুল্লাহ, বিশিষ্ট ব্যাংকার মাওলানা আব্দুর রহিম প্রমুখ।
বক্তাগণ তাদের বক্তব্যে, রমজানের সিয়াম সাধনায় নিজেদের ঈমান আমলকে আরো শাণিত করার আহবান জানান। একই সাথে তারা উপস্থিত সকলের প্রতি মীরসরাইয়ের কল্যাণে কাজ করার এবং যেকোন বিষয়ে ফোরামকে পরামর্শ দেয়া ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে সাবেক ছাত্রনেতা, ঢাকা উত্তর সিটির ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: রবিউল হোসেন রুবেল, বিশিষ্ট ব্যাংকার রাশেদুল ইসলাম, ফোরামের প্রচার সম্পাদক মো: সাইফুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: ইমরান হোসাইন রিফাত, সমাজসেবা সম্পাদক নুর মোশাররফ হোসেন, ডুয়েট প্রভাষক কাওসার আহমেদ, ছাত্রপ্রতিনিধি আলাউদ্দিন সহ কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ ও ঢাকায় অবস্থানরত বিভিন্ন শ্রেণী -পেশার শতাধিক নারী -পুরুষ মীরসরাইবাসী উপস্থিত ছিলেন।
মীরসরাই ও দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাতের মাধ্যমে আলোচনা পর্ব শেষ হয়। উৎসবমূখর ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানস্থল মূহুর্তেই ঢাকার বুকে যেন এক টুকরো মীরসরাই হয়ে উঠে। ফোরামের সভাপতির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর মধ্য দিয়ে আয়োজনের আনুষ্ঠানিকতা শেষ হয়।




