১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
এশিয়া কাপের ফাইনালের স্বপ্ন দেখছেন খালেদ

ডেস্ক রিপোর্ট :
বহু আলোচনা আর নাটকীয়তার পর অবশেষে নির্ধারিত হয়েছে এবারের এশিয়া কাপের সূচি। আট দলের এই প্রতিযোগিতা শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরাতে। ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। যেখানে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। এই গ্রুপটি তুলনামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গ্রুপ হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে ‘এ’ ‘এ’ গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান, স্বাগতিক আমিরাত ও ওমান।
বাংলাদেশ নিজেদের এশিয়া কাপ মিশন শুরু করবে ১১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ হংকং। এরপর ১৩ সেপ্টেম্বর লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে ম্যাচ দিয়ে শেষ করবে গ্রুপ পর্বের যাত্রা। যেখানে কঠিন গ্রুপে পড়লেও ফাইনালে ওঠার ব্যাপারে আশাবাদী টাইগার পেসার খালেদ আহমেদ। তার বিশ্বাস, দলের সামর্থ্য আছে এমন মঞ্চে ভালো কিছু করার। তিনি মনে করেন, সঠিক পরিকল্পনা ও আত্মবিশ্বাস থাকলে গ্রুপ পর্ব থেকেই জয়ের ধারা ধরে রেখে শিরোপার লড়াইয়ে পৌঁছানো সম্ভব।
বর্তমান পেস আক্রমণে রয়েছে তীব্র প্রতিযোগিতা। তাসকিন, মোস্তাফিজ, শরীফুল, তানজিম, নাহিদ, হাসান-সবাই মিলে একদল দক্ষ পেসার তৈরি করেছেন, যেখানে একাদশে জায়গা পাওয়া সহজ কাজ নয়। তবে এই প্রতিদ্বন্দ্বিতাকে ইতিবাচক দেখছেন খালেদ। তার মতে, দলে প্রতিযোগিতা থাকলে খেলোয়াড়রা নিজেদের আরও উন্নত করার জন্য উদ্বুদ্ধ হন। নিজেকে টিকিয়ে রাখতে হলে ফিটনেস ও স্কিলে ধারাবাহিক উন্নতি আনতেই হয়। এমন পরিবেশ একজন পেসারকে এগিয়ে যেতে সাহায্য করে বলেও মন্তব্য করেন তিনি।
এশিয়া কাপে টাইগারদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করলেও, আত্মবিশ্বাস আর দলগত প্রতিযোগিতার মান ধরে রাখতে পারলে ফল ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না খালেদ আহমেদ। গতকাল তিনি বলেছেন, ‘আমার বিশ্বাস আমরা এশিয়া কাপের ফাইনাল খেলার মতো দল। আমরা যে গ্রুপে আছি, অবশ্যই আমরা এখান থেকে দুইটা-তিনটা ম্যাচ জিততে পারলে ফাইনাল খেলবো।’




