কমলদহে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

নিজস্ব প্রতিবেদক :
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ইদ্রিস মহাজন (৪৮) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস মহাজন ভোলা জেলার লাল মোহন থানার গজারিয়া এলাকার মহাজন বাড়ির মৃত সুলতান মহাজনের ছেলে।

মীরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার হায়াতুন নবী বলেন, বুধবার ভোরে উপজেলার কমলদহ এলাকায় আলু বোঝাই একটি ট্রাক (চট্ট মেট্রো ট-১১০৭২৩) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে চালক ইদ্রিস মহাজন ট্রাকের ভিতরে আটকা পড়ে। তাকে উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির রব্বানী বলেন, মীরসরাইয়ে আলুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক ইদ্রিস মহাজন নিহত হন। লাশ উদ্ধার করে আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।