মীরসরাইয়ে একাধিক মামলার আসামী সহ গ্রেফতার-৪আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
মীরসরাইয়ে রড উৎপাদনকারি প্রতিষ্ঠান বিএসআরএম কারখানায় সশস্ত্র হামলার অভিযোগে একাধিক মামলার আসামী হক সাব (২৭) সহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (৯ আগস্ট) বিকেলে র‌্যাব-১৫ ক্যাম্পের সদস্যরা কক্সবাজার শহরের লাবনী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পে হস্তান্তর করে। এসময় তাদের কাছ থেকে দু’টি ওয়ান শুটার গান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। র‌্যাব পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রাতে তাদের জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী এলাকার শাহ আলমের ছেলে মো. হক সাব (২৭), একই এলাকার মুক্তার হুজুর বাড়ির আবুল হোসেনের ছেলে মো. আবু সাইদ (২৭), হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ইউছুফ প্রকাশ ডাক্তার (২৬) ও একই ইউনিয়নের কদমতলা এলাকার ওবাইদুল হকের ছেলে এমরান হোসেন (২৭)।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা হক সাবের দেওয়া তথ্যের ভিত্তিতে তার গোপন হেফাজত থেকে দু’টি ওয়ান শুটার গান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয় (র‌্যাব-৭) ভারপ্রাপ্ত উপ-পরিচালক মিডিয়া মেজর সাদমান সাকিব বলেন, ‘আটককৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অভিযান অব্যাহত থাকবে।’

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম বলেন, ‘হক সাবের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা এবং পৃথক ৩টি মামলার গ্রেফতারি পরোয়ানা সহ ২৪টি মামলা রয়েছে। অপর তিন আসামিও জোরারগঞ্জ থানার একাধিক মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি। আসামীদের রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।’

প্রসঙ্গত; চলতি মাসের ১ আগস্ট (শুক্রবার) রাতে উপজেলার জোরারগঞ্জ এলাকায় অবস্থিত রড উৎপাদনকারি প্রতিষ্ঠান বিএসআরএমের দু’টি কারখানায় সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। পরবর্তীতে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী হকসাবকে প্রধান আসামী করে ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫২ জনের নামে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেন বিএসআরএম কর্তৃপক্ষ।