১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
মীরসরাইয়ে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

মীরসরাই প্রতিনিধি :
মীরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সকল ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত কার্যক্রম আরও সক্রিয় ও কার্যকর করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম মাঈন উদ্দিন হাসান।
মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারের সভাপতিত্বে ও বাংলাদেশ গ্রাম সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের বিভাগীয় ম্যানেজার সাজেদুল আনোয়ার ভূঁইয়ার সঞ্চালনয় এবং উপজেলা কো-অর্ডিনেটর অনিক বড়ুয়ার সার্বিক সহযোগিতায় সভায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, প্যানেল চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার চট্টগ্রামের উপ-পরিচালক গোলাম মাঈন উদ্দিন হাসান বলেন, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর বিচারিক নিশ্চিত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগীতায় স্থানীয় সরকার বিভাগ সারা দেশের প্রতিটি ইউনিয়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প বাস্তবায়ন করছেন।
তিনি আরো বলেন, আমাদের সকল ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় করা দরকার। নিয়মিত মামলা দায়ের ও নিষ্পত্তির হার বৃদ্ধি করা এবং স্থানীয় পর্যায়ে জনগণের জন্য সহজ ও দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে গ্রাম আদালতকে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর ব্যবস্থা হিসেবে উল্লেখ করেন। তিনি এ কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, গ্রাম আদালত স্থানীয় জনগণের জন্য দ্রুত ও সহজলভ্য ন্যায়বিচার নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম। ইউনিয়ন পরিষদ পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি হলে তা উচ্চ আদালতের ওপর চাপ কমানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সহায়ক হয়। এজন্য ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে প্রকল্পের জেলা ব্যবস্থাপক সাজেদুল আনোয়ার ভূঁইয়া বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে নারী, প্রতিবন্ধী ব্যক্তি, ক্ষুদ্র নৃগোষ্ঠী , দলিত , হরিজন হিজড়া সহ সকল নাগরিকের বিচারিক সেবা নিশ্চিতকরণ ও ক্ষমতায়নে ইউনিয়ন পরিষদে চালু করা হয়েছে গ্রাম আদালত। গ্রাম আদালত কার্যক্রমকে শক্তিশালী করতে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধি, সচেতনতা কার্যক্রম এবং নিয়মিত তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও প্রাতিষ্ঠানিক ও কার্যকর করার জন্য বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে।
সভায় উপস্থিত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর করতে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন।




