১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সৌদি আরবে জিয়া সাইবার ফোর্সের আলোচনা সভা ও ইফতার

নিজস্ব প্রতিবেদক :
সৌদি আরবের তায়েফে “জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আহসান উল্লাহ মিলনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, প্রবাসীরা নিজের পরিবার-পরিজন ছেড়ে বিদেশে পাড়ি জমান ভাগ্য পরিবর্তনের আশায়। তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে যেমন ব্যক্তিগত উন্নয়ন ঘটে, তেমনি প্রবাসীদের অবদানে স্বাগতিক দেশ ও বাংলাদেশের অর্থনীতিও সমৃদ্ধ হয়।
তিনি বলেন, বর্তমান সময়ে প্রবাসীরা শুধু রেমিট্যান্সের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন না, বরং দেশের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কাঙ্ক্ষিত নির্বাচন ও ভোটের মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রায় প্রবাসীদের অংশগ্রহণ দেশের অন্যান্য নাগরিকদের তুলনায় অনেক বেশি উল্লেখযোগ্য। তিনি প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রবাসীদের সার্বিক সফলতার পাশাপাশি দেশে বিনিয়োগের মাধ্যমে দেশের উন্নয়নেও আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, শফিক, মেহেদী হাসান, শফিকুল আলম, মোহাম্মদ সেলিম ও খোরশেদসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।




