অপকার উদ্যোগে ঈদ আনন্দে শামিল অসহায়রা পুড়ে যাওয়া ৫ পরিবার পেল ঘর তোলার টাকা

মীরসরাই প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মীরসরাইয়ে ২৫০ জন প্রতিবন্ধী, হতদরিদ্র ও ভিক্ষুকের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে আগুনে বসতঘর পুড়ে যাওয়া পাঁচটি পরিবারকে নতুন করে ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তাও দেওয়া হয়। সোমবার (৯মার্চ) বিকেলে বেসরকারি উন্নয়ন সংস্থা অপকার উদ্যোগে এবং এস. রহমান ট্রাস্টের সহযোগিতায় এই মানবিক সহায়তার আয়োজন করা হয়।

অপকার নির্বাহী পরিচালক মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ মীরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুল হক, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান ব্যক্তি, এনজিও সংস্থাসহ সকল সামাজিক সংগঠনগুলোকে স্বপ্রণোদিত হয়ে এগিয়ে আসতে হবে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি গুরুতপূর্ণ মানবিক দায়িত্ব।

আলোচনা পর্ব শেষে অতিথিরা প্রতিবন্ধী, হতদরিদ্র ও ভিক্ষুকদের হাতে ঈদের বিশেষ উপহার সামগ্রী তুলে দেন। নগদ অর্থ এবং উপহার সামগ্রী হাতে পেয়ে উপস্থিত সুবিধাভোগীদের চোখেমুখে স্বস্তির ছাপ দেখা যায়।