ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড— শক্তি ও দুর্বলতার বিশ্লেষণ

ডেস্ক নিউজ :
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ ইডেন গার্ডেন-এ মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড এগিয়ে থাকলেও সাম্প্রতিক ফর্ম ও পারফরম্যান্স বিবেচনায় কাগজে-কলমে ফেবারিট দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টে এখন পর্যন্ত নিজেদের প্রথম সাত ম্যাচেই জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে প্রোটিয়ারা।

অধিনায়ক এইডেন মার্করাম-এর নেতৃত্বে এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্ব ও সুপার এইট মিলিয়ে একমাত্র অপরাজিত দল তারা। ‘চোকার্স’ তকমা ঝেড়ে ফেলে শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে দলটি।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী। এই আসরে অধিনায়ক মার্করাম ইতোমধ্যে করেছেন ২৬৮ রান। কুইন্টন ডি কক, ডেভাল্ড ব্রেভিস, ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাবস—যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

বল হাতে পেস আক্রমণে বৈচিত্র্য এনেছেন লুঙ্গি এনগিডি, যার স্লো অফ-কাটার ব্যাটসম্যানদের জন্য কঠিন চ্যালেঞ্জ। মাঝ ওভারে নিয়ন্ত্রণ আনতে বাঁহাতি স্পিনার কেশব মহারাজ বড় ভরসা।

নকআউট পর্বে মানসিক চাপই হতে পারে দক্ষিণ আফ্রিকার প্রধান বাধা। অতীতে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থতার নজির রয়েছে তাদের। বিশেষ করে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে নাটকীয় হার এখনো দগদগে স্মৃতি। যদিও সাম্প্রতিক আইসিসি ট্রফি জয়ের অভিজ্ঞতা দলে নতুন আত্মবিশ্বাস যোগ করেছে।

প্রতিশোধের মিশনে কিউইরা

ভালো নেট রান রেটের সুবাদে সেমিফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও একই ভেন্যুতে ঘুরে দাঁড়াতে মরিয়া কিউই শিবির।

অধিনায়ক মিচেল স্যান্টনার-এর নেতৃত্বে অলরাউন্ডারনির্ভর ভারসাম্যপূর্ণ দল নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস ব্যাট-বল দুই বিভাগেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পাওয়ারপ্লেতে আগ্রাসী ব্যাটিং করেন টিম সাইফার্ট। লেগ স্পিনে ভরসা ইশ সোধি। ফিল্ডিং দক্ষতাও কিউইদের বড় শক্তি।

এবারের নিউজিল্যান্ড দলে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ধারাবাহিক পারফরমার কম। সেমিফাইনালিস্ট চার দলের মধ্যে একমাত্র দল হিসেবে দুটি ম্যাচে হেরেছে তারা। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখনো জয়হীন কিউইরা—পাঁচ দেখায় পাঁচ হার।

নিউজিল্যান্ড: নেট রান রেটে সেমিফাইনাল নিশ্চিত

টি-টোয়েন্টি বিশ্বকাপে হেড-টু-হেড: ৫-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

ফর্ম, পরিসংখ্যান ও আত্মবিশ্বাস—সব দিক থেকেই এগিয়ে দক্ষিণ আফ্রিকা। তবে সেমিফাইনালের মঞ্চে চাপ সামলাতে পারলেই মিলবে ফাইনালের টিকিট। অন্যদিকে প্রতিশোধের মিশনে নামা নিউজিল্যান্ড চাইবে অতীতের হিসাব বদলাতে।

ইডেন গার্ডেনে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।