১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
এশিয়া-প্যাসিফিক রিজিওনাল স্কাউট জাম্বুরী’তে যোগ দিলো মীরসরাইয়ের রাহিম

নিজস্ব প্রতিবেদক :
৩৩তম এশিয়া-প্যাসিফিক রিজিওনাল স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন উদ্দেশে যাত্রা করেছে মীরসরাইয়ের নাফিজ আনফাল রাহিম। শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্স CZ 392/Economy/L এর একটি ফ্লাইটে ফিলিপাইনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে যায় সে।
নাফিজ আনফাল রাহিম (১৩) জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে মীরসরাইয়ের ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা ও স্বেচ্ছাসেবী সংস্থা জাগ্রত প্রতিভার সভাপতি মোঃ গোলাম মর্তুজা ভূঁইয়া এবং গৃহিণী নাজমা আক্তারের একমাত্র ছেলে। ক্যাম্পেইন শেষে আগামী ২৫ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
নাফিজ আনফাল রাহিম প্রথমে শাপলা কাবে চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হয়ে ৬ষ্ঠ শ্রেণিতে স্কাউটে বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করে। চলতি বছরের ২৬ জানুয়ারি ৩৩তম এশিয়া-প্যাসিফিক রিজিওনাল স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে আবেদন করা হয়। সকল ডকুমেন্ট যাচাই-বাছাই শেষে ১৭ জুলাই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়। ৩৩তম এশিয়া-প্যাসিফিক রিজিওনাল স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে চট্টগ্রাম বিভাগ থেকে ৮জন, সারাদেশ থেকে ৬৪ জন স্কাউট সহ সর্বমোট ৮৫ জনের একটি কন্টিনজেন্ট ফিলিপাইনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।
উল্লেখ্য, নাফিজ আনফাল রাহিমের বোন ও জেবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুনতাহিনা আক্তার মীম চট্টগ্রামের জামেয়া আহমেদিয়া আলিয়া সুন্নীয়া মহিলা ফাজিল মাদ্রাসা’র স্কাউট টিমের সাথে যুক্ত হয়ে বাংলাদেশ কন্টিনজেন্টের সাথে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২৫ তম ওয়ার্ল্ড স্কাউট জাম্বুরি-২০২৩ এ অংশগ্রহণ করে। পরবর্তীতে ২য় ইন্দো-বাংলাদেশ স্কাউট ফ্রেন্ডশিপ ক্যাম্প-২০২৪ এ যোগ দিতে ভারতের দার্জিলিং গমন করে সে।




