মীরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলআরোহী নিহত, আহত ৮

নিজস্ব প্রতিবেদক :
মীরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও এক নারী গুরুত্বর আহত হয়েছে। এছাড়া পৃথক দুর্ঘটনায় আরো ৭ জন আহত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ সোনাপাহাড় এলাকায় আরাফাত হোটেলের সামনে, দুপুরে মিঠাছড়া বাইপাসে ও সকালে ফেনাপুনি এলাকায় এসব দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, দুর্গাপূজার ছুটি শেষে মোটরসাইকেলযোগে গাইবান্ধা থেকে চট্টগ্রামে দিকে যাচ্ছিলেন মনিরুল ইসলাম ও তার স্ত্রী মামুলী বেগম। তারা দু’জনে চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে চাকরি করতেন। মনিরুল ইসলামের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জোরারগঞ্জ সোনাপাহাড় এলাকায় আরাফাত হোটেলের সামনে পড়ে গেলে পেছনে থাকা দ্রুতগতির পিকআপ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মনিরুল ইসলাম নিহত হয়েছেন। সঙ্গে থাকা তার স্ত্রী মামুলী বেগমও গুরুতর আহত হয়েছেন।

এদিকে বুধবার দুপুরে মিঠাছড়া ইউটার্ণে চট্টগ্রামমুখী লেনে একটি সিলিন্ডারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে সামনের অংশ খুলে পড়ে যায় এবং সিলিন্ডারটি মহাসড়কের উপরে পড়ায় ওই অংশে বিকল্প লেন দিয়ে চট্টগ্রামমুখী গাড়িগুলো চলাচল করছে। এসময় দুইজন আহত হয়েছে। সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনাপুনি এলাকায় ইট ভাঙ্গার একটি গাড়িকে মিনি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ৫ শ্রমিক আহত হয়। আহতদের মধ্যে ২ জনের অবস্থা শঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, মহাসড়কের জোরারগঞ্জ এলাকার আরাফাত হোটেলের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া আরো দুটি দুর্ঘটনায় ৭ জন আহত হয়েছেন। মরদেহ এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।