মীরসরাইয়ে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদশর্নে সিভিল সার্জন

মীরসরাই প্রতিনিধি :
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। শনিবার (৭ মার্চ) বেলা ১১টায় হঠাৎ করে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন এবং বিভিন্ন বিভাগ পরিদর্শন করে দেখেন। এসময় মীরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিন সহ কনসালটেন্ট, মেডিকেল অফিসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিন বলেন, চট্টগ্রাম সিভিল সার্জন মহোদয় হঠাৎ করে আজ হাসপাতাল পরিদর্শনে আসেন। তিনি হাসপাতালের জরুরী বিভাগ, এনসিডি কর্নার, আইএমসিআই কর্নার, শিশু বিভাগ, প্যাথলজি কক্ষ সহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এসময় ডাক্তার সহ অন্যান্য স্বাস্থ্য সহকারীর উপস্থিতি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি রোগীদের প্রতি আন্তরিকতা ও পেশাগত জ্ঞান-প্রজ্ঞা ব্যবহার করে সর্বোচ্চ সেবা দেওয়ার আহ্বান জানান। রোগীদের সেবার মান আরও উন্নত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।