১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
নির্বাচনী পরীক্ষায় ফেল করায় মীরসরাই কলেজ গেইটে শিক্ষার্থীদের তালা

মীরসরাই প্রতিনিধি:
এইচএসসি নির্বাচনী পরীক্ষায় ফেল করায় চট্টগ্রামের মীরসরাই কলেজের মূল গেইটে তালা লাগিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় কলেজ শিক্ষক, কলেজ মসজিদে আগত মুসল্লীরা অবরুদ্ধ হয়ে পড়ে। রবিবার ( ১ মার্চ) ২টা নাগাদ এই ঘটনা ঘটেছে। পরে মীরসরাই থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের দাবী অনেক শিক্ষার্থী ৬-৭ বিষয়ে ফেল করলেও স্থানীয় রাজনৈতিক নেতাদের তদবিরে অনেককে পাস করিয়ে দেওয়া হয়েছে।
মীরসরাই কলেজ সূত্রে জানা গেছে, ২০২৬ সালে এইচএসসি নির্বাচনী পরীক্ষায় ৩৬৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। ব্যবসায় শিক্ষা, মানবিক ও বিজ্ঞান বিভাগে সব বিষয়ে ২৮ জন শিক্ষার্থী পাশ করেছে। প্রথম বিবেচনায় ৪০ জন, দ্বিতীয় বিবেচনায় ৩৮ জন ও বিশেষ বিবেচনায় ৭৩ জন শিক্ষার্থী সহ মোট ১৫১জন শিক্ষার্থীকে পাশ দেওয়া হয়। রবিবার দুপুরে ফেল করা শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে এসে হট্টগোল সৃষ্টি করে এবং কলেজের প্রধান গেইটে তালা লাগিয়ে দেয়।
জাহেদুল ইসলাম নামের এক শিক্ষার্থী অভিযোগ করেন, আমরা কলেজে এসে আমাদের ফলাফল দেখতে চেয়েছি, কিন্তু আমাদেরকে ফলাফল দেখতে দিচ্ছেনা। স্যারেরা আমাদের সাথে খারাপ আচরণ করেন এবং একজন শিক্ষার্থীকে মারধর করেন। অনেক শিক্ষার্থী ৬-৭ বিষয়ে ফেল করলেও রাজনৈতিক নেতাদের সুপারিশে তাদের পাস করিয়ে দেওয়া হয়েছে। এসব কারণে আমরা কলেজের গেটে তালা দিয়েছি।
নুসরাত জাহান প্রেমা নামের আরেক ছাত্রী বলেন, আমাদের প্রতি স্যারেরা অন্যায় করছেন। আমরা অনেকে ২-৩ বিষয়ে ফেল করেছি। কিন্তু আমাদের ফলাফল দেখতে দেওয়া হচ্ছেনা। এখন আমাদের দাবি একটাই এখানে আমরা যারা আন্দোলন করতে এসেছি আমাদের সাবইকে পাস করিয়ে দিতে হবে।
মীরসরাই কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত ) মো. রেজাউল করিম বলেন, কিছু ছাত্র নামধারী, যারা পড়াশোনা করেনা তারা কলেজে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। গত কয়েক বছর ধরে কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় এবার জিবি মিটিং ও শিক্ষকরা সীদ্ধান্ত নিয়েছি, পরীক্ষায় ভালো করতে হবে। সে চেষ্টার আলোকে দু’টি বিষয়ে ৩০ নম্বর পেয়েছে তাকে পাশ দিয়েছি। ইংরেজি দুই বিষয়ে ৩০ এবং আইসিটি ১৪ নম্বর পেলে পাশ দিয়েছি। ফলাফল ঘোষণার পর যারা নিয়মিত কলেজে আসেনা, পড়াশোনা করে না, বাইরে আড্ডা দেয় তারা আজ কলেজে এসে ঝামেলা করেছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবগত করেছি। তিনি আইগত সহায়তা দিয়েছেন।
রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে কিছু শিক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, এটা মোটেও সত্য নয়। মূলত ইংরেজি ও আইসিটি বিষয়ে যারা নির্দিষ্ট নম্বর পেয়েছে তাদের পাশ করিয়ে দেওয়া হয়েছে। কারণ বোর্ড পরীক্ষায় এই দুই বিষয়ে বেশী ফেল করে শিক্ষার্থীরা।
এ বিষয়ে মীরসরাই থানার সেকেন্ড অফিসার শরীফ উদ্দিন বলেন, কিছু অকৃতকার্য হওয়া শিক্ষার্থী কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করে গেইটে তালা লাগিয়ে দেয়। খবর পেয়ে আমাদের টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে এবং গেইটের তালা খুলে দেওয়া হয়েছে।




