চট্টগ্রাম জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ‘কলঙ্কমুক্ত নির্বাচন করে বিশ্বকে আমরা দেখাতে চাই’

নিজস্ব প্রতিবেদক :
‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটি কেবল একটি ক্ষমতার পালাবদল নয়; একটি চেয়ারের কোন পরিবর্তন নয়। এটি হচ্ছে আগামীর বাংলাদেশের একটি রূপরেখা। আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে; আমাদের রাষ্ট্রের কোথায় কোথায় আঘাত আছে; কোথায় কোথায় পঁচে গিয়েছে; সে বিষয়গুলো কিভাবে মেরামত করা হবে; সে মেরামতের জন্য আমার দেশের নাগরিক তারা মতামত প্রকাশ করবেন। আর আমরা তাদের সে মতামত যাতে প্রকাশ করতে পারেন সে দায়িত্বে আমরা সকলে নিয়োজিত হয়েছি।’ রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে মীরসরাই কলেজ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মীরসরাই উপজেলার ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘আমাদের সামনে সুযোগ এসেছে; সুযোগকে কাজ লাগাতে হবে। সে সুযোগকে কাজ লাগাতে সাহস ও প্রত্যয় রাখতে হবে। দেশকে দেয়ার প্রত্যয় রাখতে হবে। সারা পৃথিবী যেমন একটি সিস্টেমে চলে আমার দেশও সে সিস্টেমে চলবে। কেউ সে সিস্টেমকে চালাবে না; এটা আমরা প্রত্যাশা করি। এটি হচ্ছে আমাদের দেশ প্রেমের জ¦লন্ত পরীক্ষা। আমরা সবাই দেশ প্রেমের পরীক্ষায় অবর্তীণ হয়েছি। এদেশের মানুষ প্রত্যাশা করে তার ভোটটা সে দিতে পারবে। আমরা সারা জীবন রাষ্ট্রের সুযোগ সুবিধা নিই; রাষ্ট্রের মানুষ তার আশা পূরণ করতে চায়; মানুষের সে প্রত্যাশা পূরণের একটা সুযোগ এসেছে। সেটা করে দেখাতে হবে আমরাও পারি। বিশ্ব তাকিয়ে আছে আমরা কি আবারো পূর্বের ন্যায় আবারো এই কর্মযজ্ঞ কালিমালিপ্ত হবে। সারা বিশ্ব তাকিয়ে আছে। আমরা কি আমাদের মেরুদন্ড সোজা করতে পারবো না। আমরা কি নিরপেক্ষ থাকতে পারবো না। আমরা তো মানুষ হিসেবে একবারই পৃথিবীতে এসেছি। মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি। আল্লাহ শক্ত একটা মেরুদন্ড দিয়েছে। শক্ত যে দিয়েছে সেটা প্রমাণ করতে হবে। ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ ছাড়া কোন কিছু অর্জন করা যাবে না।’

ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আমরা প্রত্যেকটি সেন্টারে সিসি ক্যামরা লাগাচ্ছি। পুলিশ যারা ডিউটি করবেন তাদেরও বডি ওর্ন ক্যামেরা থাকবে। আমরা সবকিছু মনিটর করবো। সবকিছু মনিটরিংয়ের মধ্যে থাকবে। আমরা চাইনা আপনারা আবারো আপনাদের কোন দায়িত্ব কর্তব্য, অথবা কোন আচরণ আবার কালিমালিপ্ত হোক এটা আমরা চাইনা। এবারের নির্বাচন নিয়ে নাগরিকদের অনেক প্রত্যাশা। সে প্রত্যাশা পূরণ করতে হবে। ব্যর্থ হওয়ার কোন সুযোগ নেই। কারো প্রতি ভালোবাসা থাকতেই পারে; যখন দায়িত্বের পবিত্রতা আসে; দেশ প্রেম তখন ভালোবাসা দেখানোর কোন সুযোগ নেই। আপনার সুযোগ হচ্ছে দেশকে ভালোবাসা। আমরা প্রত্যাশা করি আপনাদের মধ্যে সে ধরণের কোন আচরণ পরিলক্ষিত হবে না।’

গণভোটের বিষয়ে তিনি বলেন, ‘এবারের নির্বাচনে আমার দেশের অনেক নাগরিক আছেন যারা গণভোটের বিষয়ে জানবেনা; তারা হয়তো গণভোটের বিষয়ে সম্পূর্ণ ধারণা থাকবেনা। আপনারা তাদেও সাথে পজেটিভ আচরণ করবেন। তাদের যতটুকু সম্ভব বুঝানোর চেষ্টা করবেন। আপনারা দায়িত্বে থেকে সেটি করবেন।’

নির্বাচনে আইনশৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনে আইনশৃঙ্খলার কাজে যারা আছেন, তারা পবিত্র দায়িত্বটি যথাযথভাবে সম্পাদনের মাধ্যম্যে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা সে প্রত্যাশা করি। আমাদের এখানে যদি কোন দুর্ঘটনা ঘটতে পারে; আমার কথা একটাই ক্রাইম যে করবে সে যেন পার পেতে না পারে। আমরা যেন তাকে সে সুযোগ না দিই। এবিষয়ে যেন আইনশৃঙ্খলা বাহিনীর রেসপন্স কুইক হয়। সেটা আমার বিনীত অনুরোধ। আমাদের কারো মধ্যে কোন ভয় বা আতঙ্ক নেই। সেটা থাকার কোন সুযোগ নেই।’

নির্বাচনকালীন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা কি দক্ষতা দেখাতে পারবো; নিরপেক্ষতা দেখাতে পারবো; আমরা জাতির কাছে আগের যে কলঙ্ক সেগুলো মুছে ফেলতে পারবো; উপস্থিত সবাই বলেন হ্যাঁ। এসময় ডিসি বলেন, আমাদেরকে সেটি করতে হবে। আমরা প্রত্যাশা করি আপনারা যে ওয়াদা দিয়েছেন; সে দায়িত্ব যথাযথভাবে পালন করে বাংলাদেশের ভাবমূর্তি বিশে^র কাছে তুলে ধরতে চাই। আমরা আমাদের সামনে যে সুযোগ এসেছে; নাগরিকদের যে প্রত্যাশা তা যথাযথভাবে কাজে লাগাতে পারবো।’

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার সোমাইয়া আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ মাহবুবুল হক, সহকারি পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরী, বাংলাদেশ সেনাবাহিনী মীরসরাই ক্যাম্প কমান্ডার রেজাউল করিম রেজভী, মীরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার সোমাইয়া আক্তার বলেন, নির্বাচনে মীরসরাই আসনে মোট ভোটার ৩ লাখ ৮৬ হাজার ৬৭৪ রয়েছেন। পোস্টাল ব্যালট রেজিষ্ট্রেশন করেছেন ৬ হাজার ৫৭২। পোস্টাল ছাড়া ভোটার হলো ৩ লাখ ৮০ হাজার ১০২টি ভোট। মোট কেন্দ্র ১০৬টি, মোট বুথের সংখ্যা ৭১৮। ১০৬টি কেন্দ্রে সিসি ক্যামরা স্থাপনের কাজ চলছে। মীরসরাই থানায় ৪৯টি কেন্দ্রের মধ্যে ২১টি অধিক গুরুত্বপূর্ন, জোরারগঞ্জ থানার ৫৭টি কেন্দ্রের মধ্যে ২৮টি অধিক গুরুত্বপূর্ন। নির্বাচনের জন্য প্রিজাইডিং অফিসার ১১২ জন, সহকারি প্রিজাইডিং অফিসার ৭৩৬ জন, পোলিং অফিসার ১৫০৮ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, চট্টগ্রাম জেলার সব নির্বাচন কেন্দ্রের জন্য ৯৯৯টি বডি ওর্ন ক্যামরা সংগ্রহ করেছি। এগুলো অপলাইন ও অনলাইন ক্যাটাগরিতে কাজ করবে। এজন্য পৃথক ডগ স্টেশন থাকবে। কোন কার্যক্রমই মনিটরিংয়ের বাইরে থাকবেনা। নির্বাচনের প্রাথমিক সকল কার্যক্রম ইতমধ্যে সম্পন্ন হয়েছে। থানা এলাকায় অফিসার ইনচার্জরা কাজ করছেন। ভোট গ্রহণের দিনও পুলিশের মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সক্রিয় উপস্থিতি থাকবে। প্রত্যেকটি নির্বাচনী এলাকার জন্য নূন্যতম একজন এএসপি বা এডিশনাল এসপি নিয়োগ করা হবে। নির্বাচনের পূর্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত না হয় সেজন্য পুলিশ সর্বোচ্চ তৎপর আছে। মাঠ থেকে আমরা তথ্য সংগ্রহ করছি। এ তথ্যগুলো আমার রির্টানিং কর্মকর্তা সহ নির্বাচনী কাজে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের কাছে সরবরাহ করছি।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ বলেন, একটি দীর্ঘ বিপ্লব সংগ্রামের পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা যদি সঠিক না হয় সত্যি; এই দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনারা ঠিকই অবগত আছেন। আমি আপনাদের বিশেষ ভাবে অনুরোধ করবো, আইন এবং বিধির আলোকে আপনি যেকোন ভাবে নিজের সবটুকু দিয়ে সঠিকভাবে নির্বাচনটি করুন।