১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
মীরসরাইয়ে কৃষকের ৪০ শতক জমির ধান কেটে দিলো উপজেলা কৃষকদল

মীরসরাই প্রতিনিধি:
মীরসরাইয়ে উপজেলা কৃষকদলের উদ্যোগে আমন ধান কাটা উৎসব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী এলাকায় কৃষকদের সহায়তায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন মীরসরাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন। সকালে ধানক্ষেতে পৌঁছে তিনি নিজ হাতে কৃষকদের ধান কাটায় অংশ নেন। কৃষকদের সঙ্গে কথা বলে তাদের নানা সমস্যার বিষয়ে খোঁজখবর নেন এবং ভবিষ্যতে উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে সহযোগিতার আশ্বাস দেন।
ধান কাটা উৎসবে আরো অংশ নেন মায়ানী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. সাহেদ আহসান, সহ-সভাপতি মো. নুরুন্নবী, রাকিবুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন সোহেন, সহ-প্রচার এমরান উদ্দিন, মো. মুসা, দপ্তর সম্পাদক শাখাওয়াত, সদস্য শাখাওয়াত হোসেন শাকিল, সদস্য ফারহান শাকিব প্রমুখ।
স্থানীয় কৃষক খোরশেদ আলম জানান, শ্রমিক সংকটে অনেকেই ধান কাটার চিন্তায় দুশ্চিন্তায় ছিলেন। কৃষকদলের এ উদ্যোগ সময়োপযোগী হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন। তারা আমার ২০ শতক ধান কেটে দিয়েছেন। সব মিলে আজ তারা ৪০ শতক জমির ধান কেটেছেন।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, আমাদের নেতা বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশনায় আজকের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজকের এই কর্মসূচি আমাদের কৃষক সমাজের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং সংগঠনের অঙ্গীকারের এক বাস্তব উদাহরণ। কৃষকের সম্মান রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। কৃষকের ঘরে সমৃদ্ধি এলে দেশ সমৃদ্ধ হবে।




