১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
মীরসরাইয়ে চুরি-ডাকাতি রোধে কার্যকর পদক্ষেপের আহ্বান বিএনপি নেতা শাহীদ চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক :
মীরসরাইয়ে সাম্প্রতিক সময়ে চুরি ও ডাকাতির মতো অপরাধমূলক ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতাকর্মীদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। চুরি-ডাকাতির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনায় মীরসরাইয়ের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে দিন কাটাচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই।
তিনি বলেন, আমি এর আগে অসংখ্যবার প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মীরসরাইবাসীর উদ্বেগের কথা জানিয়েছি। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, যতই রাজনৈতিক প্রভাব দেখাক না কেন, অপরাধীর প্রতি আমার এবং আমার দল বিএনপির জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছি। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে ‘নিরাপদ মীরসরাই’ ধারণাপত্র জনগণের মাঝে উপস্থাপন করেছি।
তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকের ভয়াবহতা নিয়ে আমি ৫ আগস্টের পর বিভিন্ন ফোরামে প্রশাসনের সহযোগিতা চেয়েছি। আমি চাই মীরসরাইয়ের মানুষ শান্তিতে ঘুমাক, ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করুক, এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকুক।
মীরসরাই দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল এবং ভারতের সীমান্তবর্তী এলাকা হওয়ায় এ অঞ্চলে কঠোর নিরাপত্তা বজায় রাখা জরুরি উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রম নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে। পাশাপাশি, কেউ ইচ্ছাকৃতভাবে স্যাবোটেজ করার জন্য এসব ঘটনা ঘটাচ্ছে কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন।
দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে শাহীদুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর আপনারা যেভাবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াননি, ঠিক একইভাবে এখন জনগণের নিরাপত্তা রক্ষায় আরও দায়িত্বশীল ভূমিকা পালন করুন। প্রতিটি গ্রাম ও মহল্লায় চুরি-ডাকাতি প্রতিরোধে টিম গঠন করুন এবং মানুষের বিপদে পাশে দাঁড়ান।সকলের সহযোগিতায় আমরা ‘নিরাপদ মীরসরাই’ গড়ে তুলতে সক্ষম হবো। মীরসরাইকে যে কোনো মূল্যেই নিরাপদ রাখতে হবে, এটাই আমার অঙ্গীকার এবং মীরসরাইবাসীর প্রধান চাওয়া।




