১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শান্তিরহাটে নিঁখোজের দুইদিন পর রিক্সাচালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি :
মীরসরাইয়ে নিখোঁজের দুইদিন পর জিয়াউর রহমান (৪৫) নামে রিক্সাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে বারইয়ারহাট পৌরসভার শান্তিরহাট বাজারের পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জিয়া ফেনীর ছাগলনাইয়া উপজেলার মন্দা এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হিঙ্গুলী ইউনিয়নের গণকছড়া এলাকায় থাকতেন। সেখান থেকে রিকশা চালাতেন।
স্থানীয়রা জানান, সকালে পুকুরে ভাসমান মানুষের লাশ দেখতে পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করেন।
পরিবার জানায়, মৃগী রোগে আক্রান্ত জিয়া গত ১১ নভেম্বর সকালে রিকশা নিয়ে বের হয়ে আর ফেরেননি। পুলিশ জানায়, সেদিন (১১ নভেম্বর) সকালে ও রাতে তাঁকে ওই পুকুরপাড়ে লাকড়ি তুলতে স্থানীয়রা দেখেছেন।
জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জিয়া পুকুরে পড়ে যাওয়ার পর মৃগী রোগী হওয়ায় মারা যান। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।




