হাইতকান্দিতে ৩১ দফা বাস্তবায়নে নারীদের নিয়ে আবদুল আউয়াল চৌধুরীর উঠান বৈঠক

নিজস্ব প্রতিনিধি :
মিরসরাইয়ে ‘নারী শক্তি, গণতন্ত্রের অগ্রগতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে তারেক জিয়ার ৩১ দফা রাষ্ট্রীয় কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আবদুল আউয়াল চৌধুরীর উদ্যোগে উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উপজেলার হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক ফজলুর সভাপতিত্বে সাবেক যুগ্ম আহবায়ক কাজী মনিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনজুরুল হক বাহার, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নুর হোসেন, মিরসরাই উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা খান সাব, মিরসরাই উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক নুরের ছাফা ডিপটি, খৈইয়াছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবদুর রহিম বাবলু, উপজেলা বিএনপি নেতা মাহবুবুল আলম চৌধুরী মানিক, ভোরের বাজার ব্যবসায়িক সমিতির সভাপতি শাহজাহান খোকন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন প্রমুখ।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা আবদুল আউয়াল চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের জনগণের পক্ষে ছিল আগামীতেও থাকবে। দেশের চরম সংকটে বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতিকে গণতন্ত্র উপহার দিয়েছেন। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। আমরা তৃণমূলের নেতাকর্মীরা দেশব্যাপী, পাড়া মহল্লায়, গ্রামে গ্রামে ৩১ দফার মূল বার্তা পৌছে দিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব।