১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে মীরসরাইয়ের যুবক নিহত

মীরসরাই প্রতিনিধি :
মালয়েশিয়ায় কাজ করার সময় তিন তলা ভবন থেকে নিচে পড়ে মারা গেছেন মীরসরাইয়ের বাসিন্দা আবু মশিউর রহমান কাকন (২৪)। কাকন ইছাখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ ভূঁইয়া গ্রামের রশিদ মাঝি বাড়ির আবুল বশরের ছেলে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) কুয়ালালামপুরে এ দুর্ঘটনা ঘটেছে।
ইছাখালী এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান পিন্টু জানান, জীবিকার তাগিদে এক বছর পূর্বে মালয়েশিয়া যায় কাকন। অনেক পরিশ্রমী ছেলে সে। কাজ করার সময় শুক্রবার অসাবধাণবসত তিনতলা থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কিছুতেই তাকে ভুলতে পারছি না। এদিকে ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ তার বাবা-মা। এখন শুধু শেষ বারের মত ছেলের মরদেহ দেখার প্রহর গুনছেন তারা। মালয়েশিয়া থেকে মরদেহ দেশে আনতে আরো কয়েকদিন সময় লাগবে।
ইছাখালী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য আশরাফ উদ্দিন রাকিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবরটি শুনে খুব খারাপ লাগছে। জীবিকার তাগিদে কাকন বিদেশে গিয়ে দুর্ঘটনায় মারা গেল। মরদেহ দেশে আনতে পরিষদ থেকে ডুকুমেন্টস প্রয়োজন হলে সহযোগিতা করব।




