১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
লং মার্চ সফল করতে মীরসরাইয়ে ওসির সাথে জামায়াতের মতবিনিময়

মীরসরাই প্রতিনিধি :
আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত লংমার্চ সফল করতে মীরসরাই থানার ওসির সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। বুধবার (২৬ আগস্ট) বিকেলে মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিনের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় করেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন শিকদার।
এসময় চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের এসিসট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাওলানা ফজলুল করিম, মীরসরাই উপজেলা আমীর মাওলানা নুরুল কবির, সেক্রেটারি আনোয়ার উল্লাহ আল মামুন, মীরসরাই পৌরসভার আমীর মাওলানা শিহাব উদ্দিন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন শিকদার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুতের সংকট নিরসন, নিত্যপণ্যের দাম কমানো সহ ৬ দফা দাবীতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আগামী ৫ সেপ্টেম্বর লং মার্চ অনুষ্ঠিত হবে। ঢাকা শাপলা চত্বর থেকে চট্টগ্রামের লালদীঘি ময়দানে লংমার্চ যাওয়ার সময় মীরসরাই পৌর সদরে পথ সভা অনুষ্ঠিত হবে। যেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। লং মার্চ সফল ও বাস্তবায়ন করতে জনসাধারণকে উপস্থিত হওয়ার জন্য আমরা উদাত্ত আহবান জানাচ্ছি। লং মার্চকে ঘিরে গৃহিত কর্মসূচী ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা মীরসরাই থানার ওসিকে অবহিত করেছি। তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।




