ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবদল নেতা কামালের

মীরসরাই প্রতিনিধি :
মীরসরাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন (৪২) নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর দুইটায় মীরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এ দুর্ঘটনা ঘটেছে। এরপর তাকে উদ্ধার করে প্রথমে মীরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা গুরুত্বর হওয়ায় দ্রæত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কামাল উদ্দিন উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মজিবুল হকের ছেলে। পারিবারিক জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন।

প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্যবসায়িক কাজ শেষে ব্যক্তিগত গাড়িযোগে বড়তাকিয়া ফিরছিলেন কামাল। নিপ্পন কারাখানার সামনে আসা মাত্র সামনে থেকে আসা একটি ড্রামট্রাক ধাক্কা দিলে কামালের গাড়িটি দুমড়ে মুছেড়ে সে গাড়িতে আটকে যান। পরে গাড়ি কেটে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী নাঈম সরকার জানান, আমি দেখলাম কামাল ভাই গাড়ি নিয়ে একপাশ দিয়ে যাচ্ছে, অপর দিকে থেকে একটি ড্রামট্রাক যাচ্ছে। চোখের পলকে ড্রামট্রাকটি কামাল ভাইয়ের গাড়িকে ধাক্কা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। লোকজন ছুটে এসে চালককে আটক করেছে। এটা দুর্ঘটনা নাকী পরিকল্পিত হত্যাকান্ড খতিয়ে দেখা প্রয়োজন। এদিকে যুবদল নেতা কামালের মৃত্যুর খবরে নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, যুবদল নেতা কামালের গাড়িকে ধাক্কা দেওয়া গাড়ি জব্দ এবং চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।