সড়ক দুর্ঘটনায় আহত মীরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন

মীরসরাই প্রতিনিধি:
কুমিল্লা থেকে মীরসরাই ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলার মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার পর নুরুল আমিনকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়।

সংসদ সদস্য নুরুল আমিনের গাড়িচালক মনির হোসেন জানান, বিকেলে এমপিকে নিয়ে কুমিল্লা থেকে মীরসরাই যাচ্ছিলাম। মোহাম্মদ আলী এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা লাগে। এতে এমপি ও আমি আহত হয়েছি।

কমফোর্ট হাসপাতালের চিকিৎসক ডা. রেজাউল করিম বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম রেফার করা হয়েছে। আপাতত তিনি শঙ্কামুক্ত। মুখে, কোমরে, মাথায় ও পিঠে আঘাত পেয়েছেন।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত মীরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন ভাই এখন শঙ্কামুক্ত আছেন। উনার সিটিস্ক্যান, এমআরআই, ইসিজিসহ অন্যান্য রিপোর্ট ভালো এসেছে। চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। শারিরীক সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।