নির্বাচনী জনসভায় বিএনপি প্রার্থী নুরুল আমিন‘একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে’

মীরসরাই প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে ১১ নং মঘাদিয়া ইউনিয়ন ও ১৩ নং মায়ানী ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভার আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আলা উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য প্রফেসর এমডিএম কামাল উদ্দিন চৌধুরী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলার বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন, নজরুল গবেষক ও শিক্ষাবিদ কামাল উদ্দিন, এডভোকেট নুরুল করিম এরফান, উপজেলা কৃষক দলের আহবায়ক আশরাফ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফছার জুয়েল, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল , চাকসুর সাবেক ক্রীড়া সম্পাদক মহি উদ্দিন বাদল প্রমুখ। এসময় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, বিএনপি ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয়। অন্যদল ক্ষমতায় এলে দেশে লুট-পাট করে। একটি দল এখন ধর্মের দোহাই দিয়ে অপরাজনীতি করছে, আপনারা এ বিষয়ে একটু সজাগ থাকবেন। তারা যেন মা-বোনদের ভুল বুঝাতে না পারে।

সন্ত্রাসী-চাঁদাবাজদের উদ্দেশ্যে তিনি বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ঠাই মীরসরাই জনপদে হবে না৷ যারা দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে চালিয়ে দলে ভীড় করছেন আপনাদের কারণে মানুষ কষ্ট পাচ্ছে দলের বদনাম হচ্ছে৷ আওয়ামী মনোভাব পরিহার করেন৷ আমি নির্বাচিত হলে আপনাদের অস্তিত্ব থাকবে না৷ দ্রুত শুধরে যান৷

তিনি আরো বলেন, আপনারা ১৭ বছর ভোটের অধিকারের জন্য কষ্ট করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন একটু কষ্ট করবেন। একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে৷ আপনারা বিভ্রান্ত না হয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশ নিবেন৷ ওইদিন ফজরের নামাজ পড়ে সবাই ভোটকেন্দ্রে চলে যাবেন। ভোট দিয়ে এসে নাস্তা করবেন। সারাদিন ভোটকেন্দ্রে অপেক্ষা করে সন্ধ্যায় ফলাফল ঘোষনার পর আমরা একসাথে বিজয় মিছিল করবো ইনশাআল্লাহ।
আলোচনা সভা শেষে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে আবুতোরাব বাজারে গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।