১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
গণসংযোগে এড. ছাইফুর রহমান ‘জামায়াত সরকার গঠন করলে প্রতিটি মানুষের হক বুঝিয়ে দেব’

মীরসরাই প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান বলেছেন, ‘আমরা আপনাদের খেদমত করার জন্যেই এসেছি। আপনারা যদি আমাদেরকে সেই সুযোগ দেন, তাহলে আমাদের সর্বোচ্চ দিয়ে খেদমতের চেষ্টা করবো। সমাজের প্রতিটি মানুষের হক তাদের বুঝিয়ে দেব, ইনশাআল্লাহ। কারো প্রতি জুলুম করা হবে না।’
শনিবার (৩১ জানুয়ারি) মীরসরাই উপজেলার বিভিন্নস্থানে গণসংযোগকালে একথা বলেন তিনি। গণসংযোগকালে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, কেবল দুনিয়ার মানুষের কাছে নয়, একদিন আল্লাহর দরবারেও আমাদের জবাবদিহি করতে হবে। আমরা সেই ভয় অন্তরে রেখেই খেদমত করতে চাই। আমরা শাসক হতে চাই না, আমরা হতে চাই মানুষের খাদেম। আল্লাহ ও তার রাস‚লের সন্তুষ্টির লক্ষ্যে একটি সুন্দর সমাজ গড়ি। হকের পথে, ন্যায়ের পথে এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে দাঁড়িপাল্লা মার্কায় আপনাদের সমর্থন ও দোয়া কামনা করছি।’
তিনি বলেন, আমি মীরসরাইবাসীর সেবা করতে এসেছি। আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লাকে বিজয়ী করলে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও ন্যায় ইনসাফের ভিত্তিতে সমাজ গঠন করবো ইনশাআল্লাহ। গণসংযোগকালে উপস্থিত ছিলেন, মীরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন, মিঠাছরা বাজার পরিচালনা কমিটির আহবায়ক কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা রেদোয়ান, এনসিপি নেতা আশরাফ উদ্দিন সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




