১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
‘প্রজন্ম মীরসরাই’ মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :
শিক্ষা, মেধা ও মানবিক মূল্যবোধে আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে কাজ করা শিক্ষাবান্ধব সামাজিক সংগঠন ‘প্রজন্ম মীরসরাই’-এর উদ্যোগে ‘প্রজন্ম মীরসরাই মেধাবৃত্তি ২৫ -এর পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) মীরসরাই উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানটি উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক শাহেদ নূরের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি রহিম উদ্দিন। ২০২৬ সেবাবর্ষের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা নুরুল আমিন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা আব্দুল আউয়াল চৌধুরী।
বক্তব্যে প্রধান অতিথি নুরুল আমিন বলেন, মেধা ও নৈতিকতার সমন্বয় ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের দিকে নয়, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এ ক্ষেত্রে ‘প্রজন্ম মীরসরাই’-এর মতো সংগঠনের ভূমিকা প্রশংসনীয় ও সময়োপযোগী।
সভাপতির বক্তব্যে রহিম উদ্দিন বলেন, প্রজন্মকে আলোকিত করতে শিক্ষা ছাড়া বিকল্প নেই। স্থানীয় পর্যায়ে মেধা যাচাই ও শিক্ষার্থীদের উৎসাহিত করার এই আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি সংগঠনের সকল সদস্য, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ড. মুহাম্মদ কামাল উদ্দিন। তিনি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও নৈতিক চর্চা জরুরি। মেধাবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ে, যা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে সহায়ক ভূমিকা রাখে।
এবারের মেধাবৃত্তি পরীক্ষায় তিনটি বিভাগে তিনজন মেধাবী শিক্ষার্থীকে শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে কম্পিউটার প্রদান করা হয়। কম্পিউটার বিজয়ীরা হলেন শেখ তাসনিমুল আহম্মদ, সেঁজুতি নাহা ও সাদিয়া আক্তার নিজুম। এছাড়াও ট্যালেন্টপুলে ২৯ জনসহ মোট ১৫০ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য জামশেদ আলম, শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য মেজর মোস্তফা এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে বিশেষ ভূমিকার জন্য রুহী মোস্তফাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি ভবিষ্যতে সমাজের জন্য আরও কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক মনজুর মোরশেদ ভূঁইয়া কনক, আজীবন সদস্য লায়ন তাহের আহাম্মদ, ব্যাংক কর্মকর্তা জোবাইদুল ইসলাম সবুজ, পৃষ্ঠপোষক তৌহিদ উদ দৌজা, নুরুল করিম এরফান, আব্দুল কাইউম, ব্যাংকার আরাফাত হোসেন, মীরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, আজীবন সদস্য শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, সোনালী স্বপ্নের প্রতিষ্ঠাতা সভাপতি মঈনুল হোসাইন টিপুসহ সংগঠনের অন্যান্য পরিচালকবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ শরিফ ওসমান হাদীর মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখলে সাফল্য অনিবার্য। এ ধরনের মেধাভিত্তিক উদ্যোগ স্থানীয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




