করেরহাটে একরাতে ৬টি গরু চুরি

নিজস্ব প্রতিনিধি:
মীরসরাইয়ে ফের গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকায় এ চুরির ঘটনা ঘটেছে। ১০ দিনের ব্যবধানে একরাতে ১৪ টি গরু চুরির ঘটনায় উদ্বিগ্ন প্রান্তিক গরুর খামারিরা। এর আগে গত ১৮ নভেম্বর রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপিনাথপুর এলাকা থেকে একসাথে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছত্ত্বরুয়া গ্রাম থেকে ৬ টি গরু চুরি হয়ে যায়। প্রান্তিক কৃষক জামাল উদ্দিনের ২ টি, নুরুল মোস্তফার ১ টি, নিজাম উদ্দিনের ১ টি ও মুসলিম উদ্দিনের ২ টি গরু নিয়ে গেছে চোরের দল।

ভুক্তভোগী মুসলিম উদ্দিন জানান, আমরা তিন ভাইয়ের ৫টি গরু একসাথে ছিল। রাত ১ টার দিকেও গোয়াল ঘরে গরু ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়ালঘরে গরু নেই। আমাদের ৫টি ও পাশের মোস্তফার ১টি সহ ৬টি গরু চুরি হয়েছে। চুরি হওয়া গরুর মূল্য প্রায় ৮ লাখ টাকা।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, গরু চুরির ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হবে। গরু চোর চক্র ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে।ি