অধ্যাপক ডা. রবিউল হোসেন এর দাফন সম্পন্ন

মীরসরাই প্রতিনিধি :
বিশিষ্ট চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেনকে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রোববার (২৮ জুন) মীরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের ওয়াহিদুন্নেছা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে জোহর নামাজের পর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে মুন্সী বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে রোববার সকাল ৯টায় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে মরহুমের দ্বিতীয় জানাজা এবং শনিবার (২৭ জুন) এশার নামাজের পর চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ ময়দানে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
মীরসরাইয়ে অনুষ্ঠিত তৃতীয় জানাযায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি অলিউল কবির ইকবাল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফ সহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত : দেশের চক্ষুচিকিৎসাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, প্রত্যন্ত অঞ্চলে লাখো মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং চট্টগ্রামে আন্তর্জাতিক মানের চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন অধ্যাপক ডা. রবিউল হোসেন। তিনি চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের (সিইআইটিসি) উপদেষ্টা এবং সাবেক ম্যানেজিং ট্রাস্টি ছিলেন। গত শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরের ইম্পেরিয়াল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। মৃত্যুকালে তিনি দুই পুত্র ডা. রাজীব হোসেন ও রিয়াজ হোসেন, নাতি-নাতনি, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।