‘পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে’

মীরসরাই প্রতিনিধি :
‌‌’বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সফল হতে হলে পাঠ্যবইয়ের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি নিয়মিত খোঁজখবর রাখা এবং মানসিকভাবে সহযোগিতা করা প্রয়োজন।’ শনিবার (২৭ জুন) সকালে মীরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে বক্তারা এসব কথা বলেন বক্তারা।

কলেজ গভর্নিং বডির সভাপতি সাবেদ উর রহমান সুমুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্যবসায় শিক্ষা বিভাগের প্রভাষক আজমল হোসেন ও আইসিটি বিভাগের প্রভাষক আবদুল বাতেন আবিদ।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মীরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আফসার, কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন, মেহেরুন নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মেজবাউল হক মানিক, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান এবং উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহীনুল ইসলাম স্বপন। এসময় গভর্নিং বডির সম্মানিত সদস্য মোসাদ্দেক হোসেন নয়ন,
মহাজনহাট ফজলুর রহমান স্কুলের সহকারী প্রধান শিক্ষক লাল বাহাদুর শর্মা, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের প্রভাষকবৃন্দ, নাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নোমান।

বক্তারা বলেন, একটি ভালো ফলাফল শুধু একজন শিক্ষার্থীর নয়, তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজেরও গর্ব। জীবনের প্রতিটি ধাপে সততা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে। পরীক্ষাকে ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নিলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব।

অনুষ্ঠানে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি এবং শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি নিয়ে মতবিনিময় করা হয়। শেষে এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।