১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ণাঢ্য আয়োজনে মীরসরাই সমিতি ইউএসএর নতুন কমিটির অভিষেক

নিজস্ব প্রতিবেদক :
যুক্তরাষ্ট্রে প্রবাসী মীরসরাইবাসীদের সংগঠন মীরসরাই সমিতি ইউএসএ ইনকের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কুরআন তিলাওয়াত এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
শনিবার (৮ নভেম্বর) নিউইয়র্কের তাজ মহল পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী সভাপতি আমজাদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মিল্টন ভুঁইয়া বিদায়ী ভাষণ দেন। পরে নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ পর্ব সম্পন্ন হয়। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান সংগঠনের উপদেষ্টা গোলাম সামদানি। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আবুল কাশেম ভূঁইয়া, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, কাজী আজমসহ সমিতির অন্যান্য সদস্যরা।

নবনির্বাচিত সভাপতি আসিফুর রহমান ও সাধারণ সম্পাদক আরিফুল হাসান শপথ গ্রহণ শেষে বলেন, প্রবাসে মীরসরাইবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও ঐক্যের সেতুবন্ধন গড়ে তুলতেই তারা কাজ করবেন। আমরা বদ্ধপরিকর যে, আগামী দুই বছর যুক্তরাষ্ট্রে বসবাসরত মীরসরাইবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবো এবং সেবা প্রদান অব্যাহত রাখবো।

অভিষেক উপলক্ষে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসী শিল্পীদের সঙ্গীত পরিবেশনায় ও আনন্দঘন মুহূর্তে মুখর হয়ে ওঠে গোটা পার্টি হল। অনুষ্ঠানটি শেষ পর্যন্ত পরিণত হয় প্রবাসে থাকা মীরসরাইবাসীদের এক প্রাণবন্ত মিলনমেলায়।




