স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু অভিযুক্ত স্বামী আটক

নিজস্ব প্রতিনিধি :
মীরসরাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে রীনা আক্তার (২৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় পর রীনার স্বামী অভিযুক্ত আলমগীর হোসেনকে (৩৩) আটক করেছে মিরসরাই থানা পুলিশ।
নিহত রীনা আক্তার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত খাইশি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার সিদলাই ইউনিয়নের ভেড়াখোলা গ্রামের মজুমদার বাড়ির আবু তাহের ও জোৎস্না বেগমের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, ‘নিহত রীনার স্বামী আলমগীর হোসেনও একই গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাতে ১০ টার দিকে পারিবারিক কলহের একপর্যায়ে আলমগীর তার স্ত্রী রীনাকে মারধর করেন। এতে রীনা গুরুতর আহত হয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ‘ঘটনার পর অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।