১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
অর্থনৈতিক অঞ্চল ভারতকে দেয়া ৯’শ একর জমির বরাদ্দবাতিলের দাবি মীরসরাই নাগরিক সমাজের

নিজস্ব প্রতিনিধি:
মীরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পরিবেশ বিনষ্ট করে উন্নয়ন না করার আহ্বান জানিয়েছেন মীরসরাই সচেতন নাগরিক সমাজ। এ সময় তারা ভারতকে দেয়া ৯০০ একর জমির বরাদ্দ বাতিল করার পাশাপাশি ১১টি দাবিও জানান। সোমবার (২৮ জুলাই) দুপুরে জেলা পরিষদে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিতভাবে দাবিগুলো তুলে ধরেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।
দাবিগুলোর মধ্যে রয়েছে, পরিকল্পিত নগরায়ণ বাস্তবায়নে মীরসরাই উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করতে হবে। সুপার ডাইকের পশ্চিমে জেগে উঠা চরে সমগ্র কোস্টাল এরিয়ায় আবার ম্যানগ্রোভ ফরেস্ট তৈরি করা। বর্তমানে অক্ষত ম্যানগ্রোভ ফরেস্ট যেটি শিল্পের জন্য বরাদ্দ দেয়া হয়নি সেটি পরিপূর্ণ সংরক্ষণ করতে হবে এবং অবশিষ্ট মায়া হরিণের আবাসস্থল হিসেবে অঞ্চলটিকে ঘোষণা করা। নতুন করে আর কোনো কৃষি জমি অধিগ্রহণ না করা। মাস্টারপ্ল্যানে প্রস্তাবিত জোন নয় ও ১০ প্রস্তাবিত আবাসনসহ অন্য প্রকল্প বাতিল করে সেখানে কৃষি জমি ও ওয়াটার রিটেনশন এরিয়া হিসেবে ঘোষণা ও সংরক্ষণ করা। মাস্টারপ্ল্যান অনুযায়ী প্রস্তাবিত প্রতিটি রাস্তার দু’পাশে কৃত্রিম খাল খনন করতে হবে এবং অতিসত্বর তা বাস্তবায়ন করতে করা। পাশের দেশ ভারতকে এককভাবে দেয়া ৯০০ একরের প্লটটি অতিসত্বর বাতিল করতে করা। প্রতিশ্রুতি অনুযায়ী মীরসরাইয়ের জনশক্তিকে কর্মসংস্থান উপলক্ষে যথাযথ প্রশিক্ষণ দিয়ে নিয়োগে ব্যবস্থাকল্পে কর্মসূচি গ্রহণ করা। জলাবদ্ধতা নিরসনে প্রাকৃতিক খালের পাশাপাশি কৃত্রিম খাল খনন করতে হবে। যা আকস্মিক বন্যা থেকে মীরসরাইবাসীকে মুক্ত করে। শিল্প কারখানায় চাকরিতে নিয়োগের ক্ষেত্রে স্থানীয় মীরসরাইয়ের নাগরিকদের জন্য ২০ ভাগ কোটা সংরক্ষণ ও বাস্তবায়ন করা। বিভিন্ন শিল্প কারখানায় বসানো গভীর নলকূপ থেকে পানি উত্তোলন বন্ধ করে বিকল্প ব্যবস্থায় কারখানায় পানি সরবরাহ নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, শিক্ষাবিদ ও নজরুল গবেষক ড. মুহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা জামায়াতের সাবেক আমির নুরুল করিম, উন্নয়ন সংস্থা অপক্ার নির্বাহী পরিচালক আলমগীর হোসেন, নিজামপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম, মীরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব মো. জাহিদ হুসাইন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মীরসরাই উপজেলা আহবায়ক আশরাফ উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো: আশরাফ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী।




